ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. স্বাস্থ্য
  5. উদ্যোক্তা

বৃক্ষমেলা শেষ, এখন চারা রোপণ ও পরিচর্যার পালা: পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
সম্পাদক
৯ অগাস্ট ২০২৬, ৭:৫৯ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় বৃক্ষমেলা ২০২৬ শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেছেন, মেলা থেকে নেওয়া প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, তরুণ ও যুব সংগঠনসহ সমাজের সব শ্রেণির মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে ২০৩৫ সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদন ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য সময়ের আগেই অর্জন করা সম্ভব।

তিনি বলেন, এবারের জাতীয় বৃক্ষমেলা শুধু চারা কেনাবেচার আয়োজন ছিল না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসম্পৃক্ততার একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পেয়েছে।

মন্ত্রী বলেন, গত ৯ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন করেন। পরিবেশ ও বন সংরক্ষণে সরকারের কার্যক্রম এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম বছরেই পাঁচ কোটি চারা রোপণের কার্যক্রম চলছে। এর মধ্যে বন অধিদপ্তর ৩ দশমিক ৫ কোটি চারা রোপণ করবে।

মন্ত্রী আরও জানান, এ কর্মসূচির মাধ্যমে ৩ দশমিক ৫ লাখের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ সবুজ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যুবসমাজ, নারী ও গ্রামীণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রায় ২ দশমিক ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

জাতীয় বৃক্ষমেলা প্রসঙ্গে তিনি বলেন, এবারের মেলায় ৭৪টি নার্সারি অংশ নেয়। মাসব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা প্রায় ১৬ লাখ গাছের চারা কিনেছেন। এসব চারার মোট বিক্রয়মূল্য প্রায় ১৬ কোটি টাকা। এর মাধ্যমে মানুষের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নার্সারি খাত ও বৃক্ষভিত্তিক অর্থনীতির সম্ভাবনা স্পষ্ট হয়েছে।

মন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের বেঁচে থাকা নিশ্চিত করতে হবে। মেলা থেকে সংগ্রহ করা চারাগুলোর সুরক্ষা ও নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু)। সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী।

প্রধান বন সংরক্ষক বলেন, বৃক্ষরোপণে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করতে ভবিষ্যতে পুরস্কারের সংখ্যা বাড়ানো হবে। বর্তমান প্রজন্মকে গাছের সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫-এর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখা ব্যক্তি, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও গাছ চেনা প্রতিযোগিতার বিজয়ী এবং জাতীয় বৃক্ষমেলার নির্বাচিত স্টলমালিকদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে বন অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী, নার্সারি ও স্টল মালিক, পরিবেশ ও বন খাতের অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা