ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

মৌসুমি ভিআইপি ❓

প্রতিবেদক
সম্পাদক
১১ মে ২০২৬, ১:৪৪ বিকাল

Link Copied!

ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস

মানুষ বড় আজব প্রাণী। নিজেকে নিয়ে বড়াই বাহাদুরি আর ফুটানির মাঝেই আনন্দ উপভোগের মওকা খোঁজে। অথচ পলকেও কল্পনায় আনতে চায় না তার ক্ষমতা এবং আধিপত্য কত ঠুনকো? শান-গরিমা মর্যাদা কতটা ভংগুর? জগৎ সংসারে বড়ত্ব এবং হামসে বড়া ক্যোন হ্যা জাহির করার মাঝে নিজেকে ওজনদার অনুভব করে!বাস্তবতা এবং জীবনের অভিজ্ঞতা বলে এসবের বিস্তৃতি খড়কুটোর ন্যায়।সাময়িক এবং মৌসুমিও বটে! জোয়ারভাটার মতো এসব তকমার উত্থান পতন হয়। অথচ এসবে কত আগ্রহ? কিসের জোরে বা আশায় নিজেকে আলগা অনুভব করতে সাহস যোগায়? ভাবতে হাসি পায়?আমরা কি তাহলে বোকার স্বর্গে বাস করছি?

অফিসিয়াল বা ব্যক্তিগত কাজে জাহাজের অপেক্ষায় বন্দরে প্রায়শ: মৌসুমি ভিআইপিদের আবদার এবং দাপট দেখে অবাক হতে হয়। বিশ্বায়ন এবং আধুনিকতার যুগে এ কি হাল? ন্যাকামি এবং দাপিয়ে বেড়ানোর প্রবণতা ভদ্র সমাজে কি বার্তা দেয়? ক্ষমতাধরদের বিদায় এবং অভ্যর্থনায় ফুলেল শুভেচ্ছা শোভাযাত্রা ব্যানার ফেস্টুন কদমবুচি কোন কিছুর যেন কমতি নেই। মাঝেমধ্যে বড় কর্মচারীরাও ফুলের সোহবত পেয়ে থাকে। এ যেন মৌরসি ! এসব আদর সম্মান কি চিরস্থায়ী ? ক্ষমতার পালাবদলে অবশ্য দৃশ্যপট অচেনা লাগে। তখন আফসোস হয়!

হরহামেশাই আমরা কাদেরকে ভিআইপি ভেবে সমীহ দেখাই? এখানটায় যারা সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, গোষ্ঠীর আধিপত্য, পেশীশক্তি, প্রশাসনিক প্রভাবশালী রাজনৈতিক এবং এমন কি সংশ্লিষ্ট চাটুকারিতায় পারঙ্গম এমন প্রপঞ্চই মাথায় আসে। এদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় অনাগ্রহ, ট্রাফিক জ্যামে অদ্ভুত হরণ বাজিয়ে উপস্থিতি জানান দেয়া, সর্বদা লাফ দিয়ে অন্যের চেয়ারে বসে পড়া, অনুগত কর্মী তোষণ, সুযোগে সকল সুবিধাদি নিজের এবং পরিবারের জন্য পোক্ত করা। এক্ষেত্রে সাধারনের ভুমিকাও কম নয়। কার ছেলে, কোন বংশের এসবে ব্যবধান করে আলগা খাতির দেখানোর চেষ্টা চালায়। যদি পাছে কিছু জোটে!

শিক্ষিত সমাজে এ প্রবণতা মহামারী রুপ ধারণ করেছে। পোশাক, পেশা, গাড়ি, ফ্ল্যাট চেয়ার, খাবার এসবে আভিজাত্য আমিত্ববোধ দেখাতে ই ব্যস্ত।অতীত ভুলে গিয়ে ফুলে ফেপে টইটম্বুর।কিন্তু কেন? সময় সর্বাবস্থায় কি স্থির থাকবে? তাহলে কেন এমন আচানক মনোভাব? এখানটায় একটা গল্প মনে পড়লো যেখানটায় অবস্থানের পরিবর্তনের ফলে আচরণের মাঝে কি প্রভাব ফেলে তার ইঙ্গিত পাওয়া যায়।’এক সাহেব ছিলেন খুব দাপুটে। অফিসে ঢুকলেই সবাই দাঁড়িয়ে যেত। পিয়ন দৌড়ে চা আনত, ড্রাইভার গাড়ির দরজা খুলে ধরত। অবসরের পর একদিন তিনি পুরোনো অফিসে গেলেন। গেটে নতুন নিরাপত্তাকর্মী দাঁড়িয়ে। কোথায় যাবেন? সাহেব একটু গম্ভীর হয়ে বললেন,আমি এই অফিসের সাবেক প্রধান। গার্ড শান্তভাবে বলল, আচ্ছা চাচা, ভিজিটর খাতায় নাম লিখেন।’ এসব আজ যেন অতীত। ভাবা যায়? রবি ঠাকুরের কথায় ও এসেছে যে আলো নিজের ভিতর থেকে জ্বলে না, সে আলো নিভে যায় অল্পে।মর্যাদা ভালবাসা অন্তর থেকে আসে।

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। পরিচয় হবে কর্ম ব্যবহার এবং ভালবাসায়। ভিআইপি ভাব কেন? যা আবার সিজনাল।পালাবদলের সাথে তকমার ও বদল হয়।দার্শনিক ভলতেয়ারের পর্যবেক্ষণে ও দেখা যায় প্রশংসার ঢেউ যত দ্রুত ওঠে, তত দ্রুতই নেমে যায়। আরেকটা গল্পে এর নমুনা পাওয়া যায়।’এক চেয়ারম্যান সাহেব বিয়েতে গেলে মুরগির রান আগে তার প্লেটে যেত।ক্ষমতা হারানোর পর এক বিয়েতে গিয়ে দেখলেন, তার প্লেটে শুধু ডাল আর আলুভর্তা।পাশের লোক মুচকি হেসে বলল,“স্যার, মুরগিগুলোও বুঝি নতুন চেয়ারম্যানের দলে গেছে!” এ হলো হাল! তাহলে কেন এত দাপট?

সম্মান ইজ্জত দাপট কোন কিছুতেই কি মানবের একচ্ছত্র হাত আছে? চাইলেই কি সব নিজের কব্জিতে আটকানো যায়? সাম্য সমতা ভালবাসা আবেগ সহানুভূতি মানবের অধিকার। এখানটায় মৌসুমি প্রভাব ফেলে নিজেকে বড় করে দেখা সৎ মানবিক সামাজিক এবং বুদ্ধিমানের কাজ নয়।বরং সবার সুখে দুখে সমব্যথী এবং সহযোগী হওয়ার মাঝেই কেবল মহত্ব মমত্ব এবং বড়ত্ব ফুটে উঠে। পবিত্র কোরআনে ও এসেছে ‘তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো, আর যাকে ইচ্ছা অপমানিত করো। সমস্ত কল্যাণ তোমার হাতে। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। আর আমরাত সে মালিকেরই প্রতিনিধি। তাহলে মৌসুমি ভিআইপি মনোভাব কেন?

লেখক:অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে – প্রধান প্রকৌশলী এলজিইডি

গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

মৌসুমি ভিআইপি ❓

সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সাংবাদিক জি.কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৩৭ লাখ টাকা ব্যয়ে সিঁড়ি বিহীন দোতলা ভবন নির্মাণ,ভোগান্তিতে শিক্ষার্থী

সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেপ্তার

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি, সদস্যপদ পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

গৃহায়ন মন্ত্রীর সঙ্গে রিহ্যাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ