সোহাগ মিয়াঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ৯ বছরের এক স্কুলছাত্রীকে মুখে গামছা বেঁধে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আফরোজ মিয়া (৩৫)-কে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক আফরোজ মিয়া ওই উপজেলার বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- গত রবিবার বিকেলে বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে আফরোজ মিয়া ও তার এক সহযোগী মিলে শিশুটির মুখে গামছা বেঁধে জোরপূর্বক পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরদিন ভুক্তভোগী শিশুকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আগামী কাল ডাক্তারী পরীক্ষা পর নিশ্চিত হওয়া যাবে। শিশুটি গাইনী ওয়ার্ডে ১১ নং বেডে ভর্তি আছে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক থাকা আফরোজ মিয়াকে সোমবার রাতে পার্শ্ববর্তী বাহুবল উপজেলার দিগম্বর বাজারে দেখতে পেয়ে ধরে ফেলে স্থানীয় কয়েকজন যুবক। পরে তাকে বড়চর বাজারে নিয়ে আসা হলে শত শত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে হবিগঞ্জ সদর থানা হেফাজতে নেয়া হয় সেখান থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা করেনি অভিযুক্তের পরিবার।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া প্রধান অভিযুক্ত আফরোজ মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।