নিজস্ব প্রতিনিধিঃ
পরিবেশগত ও জনস্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর।
আজ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের আওতায় পরিবেশ অধিদপ্তরের নীতিনির্ধারণী নেতৃত্ব এবং আইসিডিডিআর,বি-এর বৈজ্ঞানিক দক্ষতার সমন্বয়ে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য, বায়ুদূষণ, পরিবেশগত নজরদারি, পরিবেশ দূষণকারী উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রমাণভিত্তিক গবেষণা পরিচালনা করা হবে।
গবেষণার মাধ্যমে পাওয়া তথ্য ও ফলাফল পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণে সহায়তা করবে এবং কার্যকর সমাধান উদ্ভাবনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ ইউনিটের প্রকল্প সমন্বয়কারী ড. মো. মাহবুবুর রহমান দুই প্রতিষ্ঠানের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক।
বক্তব্যে ড. তাহমিদ আহমেদ ও ড. মো. লুৎফর রহমান বলেন, দুই প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উচ্চমানের বৈজ্ঞানিক প্রমাণ তৈরি করা সম্ভব হবে। এর ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর ও আইসিডিডিআর,বি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি এই অংশীদারিত্বের প্রতি উভয় প্রতিষ্ঠানের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে জানানো হয়।
বিজ্ঞানভিত্তিক জ্ঞানকে বাস্তব পদক্ষেপে রূপ দিয়ে আরও সুস্থ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে পরিবেশ অধিদপ্তর ও আইসিডিডিআর,বি।